ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বাসে আগুন লাগিয়ে নাইজেরিয়ায় ৩০ যাত্রীকে হত্যা

আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ নাইজেরিয়ায় সশস্ত্র সন্ত্রাসীরা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগিয়ে অন্তত ৩০ যাত্রীকে পুড়িয়ে হত্যা করেছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দেশটির সোকোতো প্রদেশে ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে বুধবার (৮ ডিসেম্বর) করা প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।


প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার সোকোতো প্রদেশের সশস্ত্র এই সন্ত্রাসীরা ‘ডাকাত’ নামে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে তারা দেশটির উত্তরাঞ্চলীয় বিভিন্ন গ্রামে বহুবার এ ধরনের আক্রমণ চালিয়েছে এবং হতাহতের ঘটনা ঘটিয়েছে। একই সঙ্গে সড়ক ও মহাসড়কে ভ্রমণকারীদের ওপরও তারা হামলা চালিয়ে থাকে। এমনকি মুক্তিপণের জন্য এরই মধ্যে তারা দেশটির বহু শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের অপহরণও করেছে।


নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বরনোর পুলিশ বিভাগের মুখপাত্র সানুসি আবুবকর জানিয়েছেন, সশস্ত্র সন্ত্রাসীরা আগুন ধরিয়ে দেওয়ার সময় বাসটিতে ২৪ জন আরোহী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার পর আহত অবস্থায় মাত্র সাতজন বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। পরবর্তীকালে তাদেরকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।


হতাহতদের উদ্ধারে অংশ নেওয়া স্থানীয় দুজন বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন, আগুন ধরিয়ে দেওয়ার সময় বাসটি যাত্রীতে পরিপূর্ণ ছিল এবং নিহতের সংখ্যাও আরও অনেক বেশি। তারা বলছেন, মরদেহগুলো এতোটাই পুড়ে গেছে যে সেগুলোর পরিচয় শনাক্ত করাই কষ্টসাধ্য হয়ে পড়েছে।


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা কমপক্ষে ৩০টি মৃতদেহ গুনেছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।


বিশ্লেষকদের মতে, পশ্চিম আফ্রিকার অন্যতম বৃহৎ দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে হত্যা, ডাকাতি, লুটপাট, স্কুলের শিক্ষার্থীদের বন্দি ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের মতো নৃশংস অপরাধ প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। এসব অপরাধ বন্ধে দেশটির কেন্দ্রীয় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে।


নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, সশস্ত্র সন্ত্রাসীদের পাশাপাশি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ও ইসলামিক স্টেট (আইএস) পশ্চিম আফ্রিকা শাখার সদস্যরাও নিয়মিত এসব অপরাধমূলক তাণ্ডব চালিয়ে যাচ্ছে।


উল্লেখ্য, গেল এক যুগ যাবত নাইজেরিয়াভিত্তিক জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে লড়াই করছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে এখন পর্যন্ত বহু লোক হতাহত হয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑